‘ব্যবহার ফ্রি’ স্লোগান পাল্টালো ফেসবুক
‘বিনা পয়সা’ থেকে সরে এসেছে ফেসবুক। এখন প্রতিশ্রুতি দিচ্ছে আরও ‘দ্রুত ও সহজ’ হবার। প্রায় এক দশক পর সাইন ইন পেজে’র স্লোগান বদলে নতুন এই প্রত্যয় চালু করেছে এই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
গত ৭ আগস্ট থেকে ফেসবুক তাদের ট্যাগলাইন বদলে লিখে রেখেছে, ‘ইটস কুইক অ্যান্ড ইজি’ বা এটা দ্রুত ও সহজ। ২০০৮ সালের পর এই প্রথম ফেসবুক জানিয়ে দিল ফেসবুক আর বিনা পয়সার কোনো মাধ্যম নয়। কেননা ওইসময়ে হোমপেজ এবং সাইনআপ পাতায় স্লোগান হিসেবে লেখা হয়েছিলো ‘ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি’ বা ফেসবুক চালাতে পয়সা লাগে না, এটা সব সময়ই বিনা পয়সায় চালানো যাবে।
এই পরিবর্তন বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডেকে বলেছেন, ফেসবুক চালাতে কখনোই পয়সা নেওয়া হবে না। ফেসবুকের পণ্য, ল্যান্ডিং পেজ নিয়মিত নতুন করে সাজানো হয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিভাগের অধ্যাপক মার্ক বার্থোলোমিউ বলেছেন, জনসাধারণের মনোভাবের কারণেই হয়তো ফেসবুক পরিবর্তন এনেছে। আসলে জনসাধারণ এখন ফেসবুককে আর বিনা পয়সার সেবা ভাবে না। এটা এখন পুরোপুরি একটি ফাঁকা বুলি। গতানুগতিকভাবে এটা বলা যায়, ব্যবহারকারীরা ফেসবুকের পণ্য। এখন সবাই বুঝতে পারছেন যে ফেসবুক তাদের ওপর নজরদারি করে তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। এটা গণসেবা নয়।